অবৈধ অভিবাসী ফেরাতে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ চায় ভারত
- সর্বশেষ আপডেট ১১:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 78
ভারতে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অবৈধভাবে অবস্থানকারী যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ব্যক্তি বাংলাদেশি হোক বা অন্য দেশের নাগরিক হোক, সবার ক্ষেত্রেই একই আইন প্রযোজ্য।
ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য তথ্য পাঠানো হয় সংশ্লিষ্ট দেশের কাছে। যাচাই সম্পন্ন হলে তবেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
তিনি জানান, বহু আবেদন এখনো বাংলাদেশের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এগুলো দ্রুত যাচাই করা হলে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় তিন হাজার নাগরিকত্ব যাচাই সংক্রান্ত আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর আগেও প্রায় দুই হাজার আটশোর বেশি আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।





































