চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্টের পথে হাঁটছে না সরকার
- সর্বশেষ আপডেট ০৬:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 91
অপরাধ দমনে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি। গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা আসামিকে আশ্রয় ও সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের দমনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাবে। গ্রেপ্তার অভিযানে কেউ বাধা দিলে কিংবা আসামিকে সহায়তা করলে সে বিষয়ে তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অপরাধ দমনে অতীতের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই।
সাইবার অপরাধের পরিবর্তিত ধরন তুলে ধরে মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে অপরাধের ধরনও বদলে যাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।
তিনি জানান, গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। এই ইউনিটের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত ডিজিটাল অপরাধ বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে উদ্বোধন করা সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়া সরকার এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কয়কা) সহযোগিতা করেছে। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ এবং সেগুলোর যথাযথ সত্যতা যাচাই গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা এবং বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পরীক্ষাগার, সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলা হবে।
পুলিশের ওপর হামলা এবং অপরাধীদের গ্রেপ্তারে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয়। তবে এসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আসামিকে পালাতে সহায়তা করা কিংবা অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ১৬ অক্টোবর শুরু হওয়া ‘অপারেশন ক্লিন হার্ট’ ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত চলে। সেনাবাহিনী, নৌবাহিনী, তৎকালীন বিডিআর, পুলিশ ও আনসার সদস্যদের অংশগ্রহণে পরিচালিত ওই যৌথ অভিযানে ৫০ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য যুক্ত ছিলেন। সে সময় ১১ হাজার ২৪৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল।






























