অগ্নিঝুঁকিতে সেন্টমার্টিনের হোটেল-রিসোর্ট

- সর্বশেষ আপডেট ১২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 102
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার সার্ভিস স্টেশন কিংবা অগ্নিনির্বাপণে নিয়োজিত প্রশিক্ষিত কর্মী। অথচ ছোট-বড় মিলিয়ে সেখানে রয়েছে প্রায় ১৫০টি হোটেল, রিসোর্ট ও কটেজ। এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দ্বীপের অনেক হোটেল-রিসোর্টে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম নেই। কোনো স্থাপনায় আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার কার্যকর ব্যবস্থাও সীমিত। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর সেন্টমার্টিনের হোটেল-রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, পর্যটন ব্যবসার প্রসার ঘটলেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি থাকলে বড় দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা, যা চলবে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত। এ সময়ে প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাতায়াতের সুযোগ পাবেন। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে মৌসুম শুরুর আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দ্বীপটিতে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি ভোরে পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় আগুনে তিনটি রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে যায়। প্রবল বাতাসে একটি রিসোর্ট থেকে অন্যটিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, দ্বীপে আগেও হোটেল-রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সে সময় স্থানীয় বাসিন্দারা পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করেন।
তিনি বলেন, পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার জন্য দ্বীপে ছোট পরিসরে হলেও একটি ফায়ার সার্ভিস ইউনিট স্থাপন করা জরুরি। আগুন লাগার পর মূল ভূখণ্ড থেকে সহায়তা আসার অপেক্ষায় থাকলে ক্ষয়ক্ষতি বেড়ে যেতে পারে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সেন্টমার্টিনে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি দীর্ঘদিনের। পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এ দ্বীপে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্তত পর্যটন মৌসুমে প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা প্রয়োজন।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার কামরুজ্জামান সুমন বলেন, তিনি সম্প্রতি টেকনাফে যোগ দিয়েছেন। সেন্টমার্টিনে ফায়ার সার্ভিস স্টেশন ও প্রশিক্ষিত কর্মী নেই। আগামী ২৯ অক্টোবর তাঁরা দ্বীপটি পরিদর্শনে যাবেন। পরিদর্শনের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।
অন্যদিকে, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, দ্বীপের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সঙ্গে কথা হয়েছে। হোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের সম্ভাবনা দেখছেন না তিনি। আপাতত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয়দের মতে, শুধু অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশনা দিলেই যথেষ্ট নয়। এসব যন্ত্র কার্যকর আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি প্রতিটি হোটেল, রিসোর্ট ও কটেজে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ, রান্নাঘরের অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমন পথ এবং প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, দ্বীপে কোনো হোটেল, রিসোর্ট বা রেস্তোরাঁয় আগুন লাগলে অনেক সময় বাড়িতে ব্যবহৃত পানির পাইপ দিয়ে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করতে হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহায়তা করেন। তবে আগুন বড় আকার ধারণ করলে সীমিত সরঞ্জাম দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
পর্যটন মৌসুম শুরুর আগেই দ্বীপের সব হোটেল, রিসোর্ট ও কটেজে অগ্নিনিরাপত্তা পরিদর্শন, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে অস্থায়ী ফায়ার সার্ভিস ইউনিট স্থাপন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছানোর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।































