জানালেন বিমানমন্ত্রী
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন
- সর্বশেষ আপডেট ০৬:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 80
আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে বিমান ও পর্যটন খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। অক্টোবরে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে।
তিনি জানান, কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও সরকারের প্রস্তুতি চলছে বলে জানান বিমানমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। টার্মিনালটির নির্মাণ ও পরিচালনা নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।
তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যাত্রীসেবার মান উন্নত করে আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

































